ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান : অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ

অভিযানকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অভ্যন্তরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সকল অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকার উচ্ছেদ করে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন |সংগৃহীত

নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ধানমন্ডি লেক এবং লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরের অভ্যন্তরে ইজারার শর্ত ও আওতাবহির্ভূত সকল অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকার উচ্ছেদ করে এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এছাড়া, ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারটি মামলা দায়েরের মাধ্যমে নগদ তিন হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের সুবিধার্থে এবং লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাথ ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থেকে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। বাসস