বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের অনেক যোগ্য নারী নেত্রী আছেন। কিন্তু দেখলাম সংরক্ষিত আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা আওয়ামী লীগের এক মহিলা সম্পাদককে মনোনয়ন দেয়া হয়েছে। কেন এই দীনতা? আপনারা কি কোনো বিশেষ শক্তিকে খুশি করতে চান?
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এটিএম আজহারুল ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতি তো আওয়ামী লীগেরই দোসর। গত ১৬ বছর আওয়ামী লীগ যা করেছে, তিনি তার নীরব সাক্ষী ছিলেন। আধিপত্যবাদের দোসর হয়ে যারা দেশ চালিয়েছে, সেই আওয়ামী লীগের তৈরি করা রাষ্ট্রপতির ভাষণের ওপর আমি কিভাবে ধন্যবাদ জানাব? অথচ বিএনপি তাকে সমর্থন করছে, প্রশংসা করছে। তাহলে কী ধরে নেব আপনারা কোনো ব্যক্তি বা দলকে খুশি করতে চান?
৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের ফলেই ফাঁসির দণ্ড থেকে মুক্তি পেয়ে জনগণের ভোটে সংসদে আসার সুযোগ হয়েছে মন্তব্য করে বিরোধীদলীয় সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, আমি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম। ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমেই আমার মুক্তির পথ সুগম হয়েছে। এজন্য আমি সেই আন্দোলনের জড়িত ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় তিনি আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজহারুল ইসলাম বলেন, এই আন্দোলন হঠাৎ করে হয়নি এবং এটি কেবল এক সরকার হটিয়ে অন্য সরকারকে ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল না। এটি ছিল রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের আন্দোলন। প্রবাসী ভাই-বোনরা রেমিট্যান্স বন্ধ না করলে এই আন্দোলন এত দ্রুত সফল হতো না।
বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীর ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত ১৬ বছরে জামায়াতের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। আমাদের ১১ জন শীর্ষ নেতাকে ফাঁসি দিয়ে অথবা বিনাচিকিৎসায় হত্যা করা হয়েছে। শহীদ মীর কাসেম আলী বিদেশে থেকেও ফাঁসির পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন, তিনি পালাননি।’
সরকারি দলের জান্নাতের টিকিট বিক্রির অভিযোগের বিষয়ে তিনি বলেন, আপনারা কি জান্নাতে যেতে চান না? আপনারা কি তাহলে জাহান্নামের টিকিট বিক্রি করছেন? সরকারের একজন প্রতিমন্ত্রী বলেছেন, লন্ডনে গিয়ে ড. ইউনুস বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে ট্রফি দিয়ে এসেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা কিভাবে ক্ষমতায় এসেছে।
নিজ এলাকা রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নানা সমস্যার কথা তুলে ধরে আজহারুল ইসলাম বলেন, বদরগঞ্জ-তারাগঞ্জের ৭৫ শতাংশ রাস্তা এখনো কাঁচা। বদরগঞ্জ বন্দরে তীব্র যানজট নিরসনে বাইপাস সড়ক এবং পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত রাস্তা চার লেনে উন্নীত করা জরুরি।
তিনি আরো বলেন, মাওলানা নিজামী যখন শিল্পমন্ত্রী ছিলেন, তখন শ্যামপুর সুগার মিল লাভজনক ছিল। আওয়ামী লীগ সরকার এসে এটিকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করে বন্ধ করে দিয়েছে। আমি এটি পুনরায় চালুর দাবি জানাচ্ছি। এ ছাড়া তারাগঞ্জ হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও এলাকায় খেলার মাঠ তৈরির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।



