বিরোধীদলীয় নেতার সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় নেতা পাকিস্তানের হাইকমিশনারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনে ইসলামাবাদের ঐতিহাসিক ভূমিকার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

নয়া দিগন্ত অনলাইন
বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার
বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার |সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সাথে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাঙ্গাল।

সৌহার্দ্যপূর্ণ, ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে জানান, সম্প্রতি বাংলাদেশের একদল শিক্ষাবিদ পাকিস্তান সফর করেছেন এবং তারা দেশটির শিক্ষাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সফলতা সম্পর্কেও তাকে অবহিত করেন।

আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় নেতা পাকিস্তানের হাইকমিশনারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনে ইসলামাবাদের ঐতিহাসিক ভূমিকার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। বাসস