বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার দিবাগত রাত ৯টা ১০ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের দিকনির্দেশনায় ঘুমধুম বিওপির বিশেষ টহলদল সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’



