দেশে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর (এফএসসিডি) ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর মধ্যে সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) এবং রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং (আরএফএফ) বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।
এ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো— দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্ধারের পাশাপাশি অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদরদফতরের লেভেল-৬-এ অবস্থিত বেবিচক-এর চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন এফএসসিডি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বেবিচক-এর পরিচালক (এটিএম) মো: শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক মো: মামুনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় বেবিচক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে কাজ করবে।
এর ফলে, বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা ও অগ্নিনির্বাপণ সক্ষমতা আরো শক্তিশালী হবে। বাসস



