রাজধানীতে গৃহকর্মীর হাতে নৃশংস জোড়া খুনের সাম্প্রতিক ঘটনা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের পর গৃহকর্মী কর্তৃক মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়া ও পালিয়ে যাওয়ার মতো অপরাধের ঘটনাও আবার আলোচনায় আসে।
এ অবস্থায় সামগ্রিক নগর–নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় যাচাই নিশ্চিত করতে নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো: সাজ্জাত আলী এনডিসি।
তিনি বলেন, গৃহকর্মী নিয়োগের আগে তার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি, এবং পরিচয় নিশ্চিতের জন্য অন্তত দুইজন সনাক্তকারীর নাম–ঠিকানা সংগ্রহ করে সংরক্ষণ করা উচিত।
এ ছাড়া তিনি নাগরিকদের প্রতি ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করে পুলিশের তথ্য সংগ্রহ কাজে সহযোগিতা করতে পুনরায় আহ্বান জানান।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করেন বিভাগীয় উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।



