কালবৈশাখী ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

আজ শনিবার দুপুর ১টা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত কালবৈশাখী ঝড়ের একটি সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি/ঘণ্টা বেগে কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।

আরেকটি সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানায়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এতে আরো বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পৃথক একটি সতর্কবার্তায় বলা হয়, আজ দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সূত্র : বাসস