শেরপুর-৩ আসনের তফসিল ১২ তারিখের পর

আগামী ১২ ফেব্রুয়ারির আগে তফসিল ঘোষণার কোনো সুযোগ নাই। কারণ সিডিউল ঘোষণা করতে হবে কমপক্ষে ১৫ দিন সময় দিয়ে।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |ইন্টারনেট

প্রার্থী মৃত্যুবরণের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের ভোট আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর ওই আসনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো: নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেছেন।

ইসি মাছউদ বলেন, শেরপুর-৩ আসনের একজন প্রার্থী ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। তবে নতুন কবে শিডিউল ঘোষণা করা হবে, এখনো সে সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির আগে তফসিল ঘোষণার কোনো সুযোগ নাই। কারণ সিডিউল ঘোষণা করতে হবে কমপক্ষে ১৫ দিন সময় দিয়ে। আপিলের সময় আছে। কাজেই আপাতত এই মুহূর্তে কখন হবে- এইটা এখন ঘোষণা দিতে পারছি না।