ঈদ শেষে সোমবার খুলছে অফিস-আদালত ব্যাংক বাজার

সোমবার থেকে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ সচিবালয়
বাংলাদেশ সচিবালয় |সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার)। দীর্ঘ বিরতির পর আগামীকাল সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।

২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঘোষিত ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ ভোগ করেছেন। ছুটি শেষে লাখো চাকরিজীবী কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

সোমবার থেকে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসাথে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

এদিকে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে। শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌ-পথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতি বছরের মতো এবারো ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে। অনেক কর্মী সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটান এবং অনেক প্রতিষ্ঠানও প্রথম দিন সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে।

ব্যাংকপাড়ায়ও প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটির পর জমে থাকা আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে রাজধানীসহ সারাদেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারো স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে।