সমাজকল্যাণমন্ত্রী

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে

‘দেশেই যদি হেপাটাইটিস বি-এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে রোগীদের বিদেশমুখিতা ও চিকিৎসা খরচ কমবে ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।’

নয়া দিগন্ত অনলাইন
‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন
‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন |সংগৃহীত

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বলেন, দেশেই যদি হেপাটাইটিস বি-এর উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে রোগীদের বিদেশমুখিতা ও চিকিৎসা খরচ কমবে ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি কর্তৃক ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠী ফ্যাটি লিভারে আক্রান্ত, কিন্তু তারা এ সম্পর্কে অবহিত নন। অতিরিক্ত শর্করা গ্রহণের কারণে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে মন্ত্রী জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান।

মন্ত্রী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনকে নিয়োগ প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডে মূল্যায়নের জন্য বিদেশী ও আঞ্চলিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করায় চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অন্যান্য মেডিক্যাল কলেজগুলোকেও এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

একপর্যায়ে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সদস্যরা সকল গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানালে মন্ত্রী এ দাবিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তা বাস্তবায়ন করার জন্য তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। বাসস