একটি অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীন পঙ্গু হাসপাতাল বলে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহেবিলিটেশনের (নিটোর) ডি-অর্থো পরীক্ষা স্থগিত করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা: মো: জিল্লুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে পরীক্ষা স্থগিতের কথা বলা হয়।
স্থগিত পরীক্ষার তারিখ ও সময় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে বলে তিনি জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।
গত ৯ আগস্টের ড্যাব নির্বাচনকে কেন্দ্র করে একটি অপ্রীকিতর ঘটনার কারণেই এই পরীক্ষা স্থগিত হয়েছে বলে জানা গেছে।
সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম নিটোরে ডি-অর্থো পরীক্ষা নিতে গেলে নিটোরের চলতি দায়িত্বের সহকারী অধ্যাপক ডা: শামসুল আলম তাকে হুমকি দেন। পরীক্ষা শেষ করে হুমকির ব্যাপারটি ডা: আশরাফুল ইসলাম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে জানান।
এ ব্যাপারে বিএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তবে নয়া দিগন্তের কাছে ডা: আশরাফুল ইসলাম যে লিখিত অভিযোগ করেছেন তার একটি কপি এসেছে।
অভিযোগে ডা: আশরাফুল ইসলাম বলেন, কিছুক্ষণ পর পর নিটোরের ডা: শামসুল আলম বলতে থাকেন ‘ভোটটি তো ওই প্যানেলে দিলেন, কাজটি ভালো করলেন না। আপনার এতো বড় সাহস এখানে আজ পরীক্ষা নিতে এসেছেন, আগামীকাল আসবেন না। আর আসলে আপনাকে অসুস্থ (এ্যাসল্ট) করা হবে।’
ডা: আশরাফুল ইসলাম লিখিত অভিযোগে আরো বলেন, ‘আমাকে এই হুমকি সকল পরীক্ষক ও রেজিস্ট্রারদের সামনে দেয়া হয়। প্রতিবাদ করলে আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করে তেড়ে আসেন তিনি।’
ডা: আশরাফুল ইসলাম ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন বিএমইউ’র রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগে।



