সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে। এর আগে একই মামলায় ‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছিল আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে।
আজ মঙ্গলবার ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ভূঁইয়া সফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সাথে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।
এর আগে, গতকাল সোমবার গ্রেফতার করা হয় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে।



