মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে মাদকের যে ছড়াছড়ি হয়েছে, এটা একদিনে হয়নি। এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি পেতে জোরালো অভিযান পরিচালনা করছি। প্রতিদিনই এ বিষয়ে অগ্রগতি হচ্ছে। পুলিশও অপারেশন পরিচালনা করছে।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |বাসস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি।

তিনি বলেন, গত ১ মে থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অপারেশনে থাকলেও শুধু নারকোটিক্স বিভাগই অপারেশন করে না, পুলিশ-র‌্যাবসহ অন্যান্য সংস্থাও এতে অংশ নেয়। দেশে মাদকের যে ছড়াছড়ি হয়েছে, এটা একদিনে হয়নি। এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি পেতে জোরালো অভিযান পরিচালনা করছি। প্রতিদিনই এ বিষয়ে অগ্রগতি হচ্ছে। পুলিশও অপারেশন পরিচালনা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষ অপারেশন পরিচালনা করা হচ্ছে। মে মাসের ১ তারিখ থেকে আমরা শুরু করেছি, সারাদেশেই চলছে। এখন মাদকের সাথে যারা জড়িত, তাদের মধ্যে ব্যবহারকারীদের না ধরে আগে বড় চোরাচালানকারী ও সীমান্ত দিয়ে যারা মাদক আনে, তাদের আটক করার ব্যবস্থা করছি।