স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম পথিকৃৎ আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে দেশ একজন অসাধারণ গুণী মানুষকে হারালো। ‘মঞ্চসারথী’ খ্যাত আতাউর রহমান আজীবন নাট্যচর্চা, মঞ্চনির্দেশনা ও অভিনয়ের মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তার সৃষ্টিশীল কর্ম ও অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মঞ্চনাটকের বিকাশ ও নতুন প্রজন্মের শিল্পীদের গড়ে তুলতে আতাউর রহমানের অবদান অনস্বীকার্য। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বিএনপি মহাসচিব মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাসস



