ঢাকায় জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী।
বৃহস্পতিবার (১০ জুলাই) নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির পল্টন জোনের সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
তিনি জানিয়েছেন, ঢাকায় জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশী এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা।
তিনি বলেন, এজন্য এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও নগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক সকল ঈমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন নাগরিকদেরকে দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন বলেও মুফতি সিরাজী জানান।



