মোশাররফ হোসেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মোশাররফ অ্যান্ড ব্রাদার্স তথা মোশাররফ গ্রুপের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
মোশাররফ হোসেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত
মোশাররফ হোসেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত |নয়া দিগন্ত

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মোশাররফ অ্যান্ড ব্রাদার্স তথা মোশাররফ গ্রুপের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন।

তিনি বগুড়া-৭ আসনের সরকারি দলীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

চেয়ারম্যান পদে মো: মোশাররফ হোসেন পেয়েছেন ১৮৯৬ ভোট। অন্যদিকে, মোরশেদ মিল্টন পেয়েছেন ৪৩ ভোট।

এছাড়া, পরিচালক (ফাইন্যান্স) নির্বাচিত হয়েছেন মো: আলাউদ্দিন চৌধুরী। তিনি ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো: এনামুল হক পেয়েছেন ৯৫ ভোট।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসার (৩৩/৩ উমেশ দত্ত রোড) কারা কনভেনশন সেন্টারে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিএফএ-র সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারাদেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছে। এর মধ্যে দুই হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া সংগঠনের ৩৩টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতোমধ্যে ৩১ জন নির্বাচিত হয়েছেন। বাকি দুইটি পদে আজ ভোটগ্রহণ হয়েছে।

৩ সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দীপ কুমার সরকার। সদস্য ছিলেন সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন ও মোহাম্মদ হাসিব সরকার।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মোশাররফ হোসেন বলেন, ‘বিগত ১২ বছর পর বিএফএ-র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে রিট করেছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘ডিলার ও কৃষকদের কল্যাণের জন্যই বিএফএ কাজ করে। আমি এ খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্মিলিতভাবে কাজ করব।’