সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৭ জুন) সকালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত র্যালির উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান অলিম্পিক মূল্যবোধ উৎকর্ষ, বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।
‘ইউ ক্যান ডু দিস, লেটস মুভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র্যালির মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা এবং ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে একটি চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী পরিবেশিত হয় এবং সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
র্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ, সাধারণ ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ ১৫০০-এর অধিক মানুষ অংশগ্রহণ করেন।



