রাজধানীর ঢাকা শিশু হাসপাতালের ২৫০ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী ও মাস্টাররোলে কর্মরত ব্যক্তিদের মাঝে বিশেষ খাদ্য সামগ্রীর ফ্যামিলি ফুড প্যাক বিতরণ করেছে বাংলাদেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা স্যোসাল অ্যাজেন্সি ফর ওয়েলেফেয়ার অ্যান্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালে কর্মচারীর মাঝে এ বিশেষ ফ্যামিলি ফুড প্যাক বিতরণ করা হয়।
উন্নয়ন সহযোগী সংস্থা ছওয়াব-এর উদ্যোগে ফুড প্যাক বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করে ইসলামিক এইড নামের একটি বিদেশী সহযোগী সংস্থা। প্রতিটি প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে চাল ২৫ কেজি, আটা চার কেজি, ছোলা দুই কেজি, মসুরের ডাল এক কেজি, চিনি দুই কেজি, লবন এক কেজি ও সয়াবিন তেল পাঁচ লিটার, খেজুর দুই কেজি, নুডুলস আট প্যাকের দুই বক্সসহ অন্য খাদ্যসামগ্রী মিলে মোট ৫০ কেজি খাদ্যসামগ্রী রয়েছে যা সুবিধাভোগী এই নিম্ন-বিত্তদের ইফতার ও সেহরিতে বিশেষ সহায়ক হবে বলে আশা করেন কর্মসূচির আয়োজকরা।
উল্লেখ্য, ইতোপূর্বে ঢাকা শিশু হাসপাতালের কর্মচারীদের মাঝে ছওয়াবের পক্ষ থেকে কুরবানির গোশত বিতরণ করা হয়েছিল। ফ্যামিলি ফুড প্যাক বিতরণ কর্মসূচিতে সভাপতি হিসেবে যোগ দেন ‘ছওয়াব‘ এর চেয়ারম্যান ও সিইও এস এম রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের সম্মানিত পরিচালক ডা: মাহবুবুর রহমানসহ অন্যরা।
ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদারের পরিচালনায় ওই ফ্যামিলি ফুড প্যাক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। চলমান রমজানের মধ্যে এ ফ্যামিলি ফুড প্যাক উপহার হিসেবে পেয়ে হাসপাতালের কর্মচারীরা ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ছওয়াব নামক প্রতিষ্ঠানের দেয়া এ ফ্যামিলি ফুড প্যাক ইফতার ও সেহরিতে তাদেরকে স্বস্তি দেবে একইসাথে আনন্দিত করবে। ছওয়াব এর এই জনকল্যাণমুখী কাজের ধারা অব্যাহত রাখার জন্য উপস্থিত উপকারভোগীরা অনুরোধ জানান।
এছাড়াও ছওয়াব ও ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে, সে অনুযায়ী হাসপাতালের সার্বিক উন্নয়নে সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করবে। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ও সুষ্ঠু পরিবেশ তৈরিতে কাজ করবে।



