ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে। নিহত এ তরুণ নেতাকে দেশে গ্রহণের প্রস্তুতির মধ্য দিয়ে সারাদেশে শোকের আবহ বিরাজ করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: শফিকুর রহমান আজ বিকেলে বলেন, ‘আমাদের ফ্লাইট বিজি-৫৮৫ আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করেছে এবং শরিফ ওসমান হাদির লাশ নিয়ে সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে।’
তিনি বলেন, ‘এ নেতার লাশ সম্মানজনক ও নির্বিঘ্নভাবে দেশে ফিরিয়ে আনতে বিমান কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু রাজনৈতিক অঙ্গন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আল্লাহ তা’আলা ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করেছেন।
সংগঠনটি আরো জানায়, শনিবার যোহরের নামাজের পর ঢাকার মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুর পর শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ ওসমান হাদি।
প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাসস



