ঈদে ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে : সড়কমন্ত্রী

সড়কমন্ত্রী শেখ রবিউল আলম আশা প্রকাশ করেছেন, ঈদে দেড় কোটি মানুষের ঢাকা ত্যাগ সত্ত্বেও ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে। বরিশালের গোমা সেতু উদ্বোধন করে তিনি বলেন, এটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে।

নয়া দিগন্ত অনলাইন
বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতু উদ্বোধন করেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতু উদ্বোধন করেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম |সংগৃহীত

সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উদযাপনে আগামী ২-৩ দিনের মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ‍্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি, তাতে আশা করি কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনো ২ লেনের রাস্তা। স্বাভাবিক চলাচল প্রশ্নে এটা অত‍্যন্ত সরু। এই মহাসড়ক আরো চওড়া করা দরকার। এটা সরকার উপলব্ধি করে। এবার এসে আমিও নিজ চোখে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকারের আছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চায়।

গোমা সেতু উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই সেতুটির ফলে কেবল যে একটি এলাকার মানুষ উপকৃত হবে তা কিন্তু নয়, বরং বরিশালের সাথে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে।

অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি