বাংলা নতুন বছরের প্রথম দিনে দেশে প্রথমবারের মতো ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুপুর ১২টার দিকে ডিজিটাল মাধ্যমে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী হিসেবে টাঙ্গাইলে এটিই তার প্রথম সফর। এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ।
প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদর উপজেলার ১৫ জন কৃষক এবং কৃষাণীর হাতে ‘কৃষক কার্ড’ ও বৃক্ষচারা তুলে দেন।
তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ শেষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন। পরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথির কৃষি বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, টাঙ্গাইল সদর আসনের এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বক্তৃতা করেন জাতিসংঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি মি: জিয়াওকুন শী।



