শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশে পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভীতি প্রদর্শন এবং কঠোর শাসনের পরিবর্তে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করতে পারলেই আত্মবিশ্বাসী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সারাক্ষণ লেখাপড়া, পরীক্ষা ও ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা তৈরি হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে।
এছাড়া নিয়মিত খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ায়।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষকদের দক্ষতা, যোগ্যতা, নিষ্ঠা ও পরিশ্রমের ওপরই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার বিষয়টি নির্ভর করে। এ সময় তিনি সন্তানকে মানুষ করার ক্ষেত্রে কঠোর শাসনই একমাত্র উপায়– এমন প্রচলিত ধারণা থেকে অভিভাবক ও শিক্ষকদের বেরিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইব্রাহীমের সভাপতিত্বে বরিশাল কোস্টাল সার্কেলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘একটি শিক্ষার্থী একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদরাসার প্রতিষ্ঠান প্রধানদের হাতে পাঁচটি করে বৃক্ষের চারা এবং ক্রীড়া সামগ্রী তুলে দেন। বাসস



