হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে তিনটি ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিবকে সদস্য রাখা হয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে নিপুণ রায় চৌধুরী ও সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টে আন্না মিন্জ ও মাধবী মার্মাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জন গমেজকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে সাচিং প্রু ও দীপেন দেওয়ানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
তিন বোর্ডে আরো কয়েকজনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টিদের মেয়াদ হবে তিন বছর।
তবে নতুন ট্রাস্টি নিয়োগ না দেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। সরকার প্রয়োজনে যেকোনো সময় অন্য ট্রাস্টিদের পরিবর্তন বা পদ শূন্য ঘোষণা করতে পারবে।
সূত্র : বাসস



