ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ

মোসলেহ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক
মোসলেহ উদ্দিন আহমদ
মোসলেহ উদ্দিন আহমদ |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ।

আজ সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক ক্ষুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসহকারী সচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মোসলেহ উদ্দিন আহমদ এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।