হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ

হোপ নেটওয়ার্ক একটি বিশ্বব্যাপী প্লাটফর্ম, যা যুব ক্ষমতায়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশীদারিত্বকে উৎসাহিত করে।

নয়া দিগন্ত অনলাইন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

বাহরাইন সরকারের যুব বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ গ্লোবাল নেটওয়ার্ক ফর ইয়ুথ কম্পিটিটিভনেস-‘হোপ নেটওয়ার্কে’ যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৪ আগস্ট) যুব ও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই নেটওয়ার্কে সম্মতি প্রদান করেন। এর মাধ্যমে বাংলাদেশ হোপ নেটওয়ার্ক-এর ৩১তম সদস্য দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হোপ নেটওয়ার্ক একটি বিশ্বব্যাপী প্লাটফর্ম, যা যুব ক্ষমতায়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক অংশীদারিত্বকে উৎসাহিত করে।

বর্তমানে এই নেটওয়ার্কের সদস্য সংখ্যা ৩০টি। এর মধ্যে রয়েছে-সকল জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) ভূক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ইতালি এবং জাতিসঙ্ঘের যুব অফিসের মতো প্রভাবশালী সংস্থা।

এই নেটওয়ার্কের সদস্য পদ বাংলাদেশের যুবনীতির আন্তর্জাতিকীকরণে নতুন গতি সঞ্চার করবে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার সাথে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, যৌথ উদ্যোগ বাস্তবায়ন করতে পারবে এবং বৈশ্বিক যুব চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আশা, হোপ নেটওয়ার্ক-এর সদস্য হিসেবে বাংলাদেশ তার যুব উন্নয়ন সম্পর্কিত সাফল্য, উদ্ভাবনী ধারণা ও মূল্যবান অভিজ্ঞতাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবে। পাশাপাশি নেটওয়ার্কের অন্য সদস্য দেশগুলোর সেরা চর্চাগুলো থেকে শেখার ও কাজে লাগানোরও সুযোগ পাবে বাংলাদেশ।

এই যোগদান বাংলাদেশের যুবশক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে আরো সক্রিয় ও প্রতিযোগিতামুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রণালয় বিশ্বাস করে। বাসস