টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামে উদ্ধার, ত্রাণ বিতরণ, নিরাপদ স্থানে স্থানান্তর এবং সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগের কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। এসব এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সহায়তায় মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছেন।
এছাড়া ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা থেকে প্রায় ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।
দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত বান্দরবান থেকে ১৪০ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
অন্যদিকে সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। অবশিষ্ট পর্যটকদেরও পর্যায়ক্রমে সরিয়ে নেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাথে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, যোগাযোগ পুনরুদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে।



