আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনে প্রথম পর্বে দুপুর ১২টা পর্যন্ত আপিলের ওপর শুনানি শেষে ৪১ জন প্রার্থী হিসেবে বৈধতা পেয়ে নির্বাচনের মাঠে ফিরেছেন। ফলে চার দিনে এ পর্যন্ত মোট প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৪৫ জন। এছাড়া আপিল খারিজ বা নামঞ্জুর করেছে আটজনের।
বুধবার ইসির দেয়া তথ্য থেকে এমনটা জানা গেছে।
আগারগাওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে চতুর্থ দিনের প্রথম পর্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশনের উপস্থিতিতে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
আজ আরো ১০০টি আপিল শুনানির জন্য নির্ধারিত ছিল। আপিলকারী ও তাদের পক্ষে আইনজীবীরা বৈধতা পেতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে প্রার্থীতা ফিরে পান ৪১ জন এবং আবেদন নামঞ্জুর হয় আটজনের। আর অপেক্ষমান আছে একজনের আপিল।
মনোনয়নপত্রগুলো রিটার্নিং কর্মকর্তারা বাতিল করার কারণ এক শতাংশ ভোটারের স্বাক্ষরে দ্বৈচয়নে স্বাক্ষর অমিলা, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি ও বিল খেলাপি।



