সংরক্ষিত নারী আসনে ৫৩টি মনোনয়নপত্র জমা, বাছাই শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় মঙ্গলবার বিকাল চারটায় শেষ হয়েছে। বিভিন্ন দল ও জোট এবং ব্যক্তিগতভাবে মোট ৫৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র বাছাই আজ বুধবার শুরু হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় মঙ্গলবার বিকাল চারটায় শেষ হয়েছে। বিভিন্ন দল ও জোট এবং ব্যক্তিগতভাবে মোট ৫৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ নির্বাচনে বিএনপি থেকে ৩৬টি, জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র একটি ও পৃথকভাবে আরো তিন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম।

গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬–এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, ২২ এপ্রিল (বুধবার) দুপর ২টা থেকে এবং পরদিন ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইসির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসন বিভিন্ন ও জোটের মধ্যে আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হয়। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্রদের মোর্চা একটি আসন পাচ্ছে। প্রার্থীর সংখ্যা বেশি না হলে সাধারণত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন।