মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এনসিটিবির কার্যক্রম গ্রহণ

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এনসিটিবি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের নতুন পাঠ্যপুস্তক চালুর পরিকল্পনা রয়েছে, যা সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন |সংগৃহীত

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

আজ রোববার জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো: মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরো আনন্দময় এবং তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক একটি নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিখন কার্যক্রম আরো আনন্দময়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক হবে। একইসাথে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগও আরো সম্প্রসারিত হবে।

সূত্র : বাসস