প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার মো: আব্দুস সালামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সাথে রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মো: আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে আসছিল। এই ভুয়া পরিচয়ের আড়ালে সে অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতো। তার অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি দল আগারগাঁও পানির ট্যাঙ্কি এলাকা থেকে রোববার (১৫ মার্চ) তাকে গ্রেফতার করে।
এরপর একই দিন তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার একটি মামলা দায়ের করা হয়। মামলায় আব্দুস সালামের বিরুদ্ধে দণ্ডবিধির ১৭০/৪০৬/৪২০ ধারার অভিযোগ আনা হয়েছে।



