কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে : ধর্মমন্ত্রী

‘আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যা চান তাই-ই হয়ে থাকে।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ |সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, কেবল হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআনকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ‘আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যা চান তাই-ই হয়ে থাকে।’

কোরআন শিক্ষায় কওমী মাদরাসার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এদেশে কোরআন শিক্ষার ক্ষেত্রে কওমি মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

তাদেরকে সংগঠিত এবং সহযোগিতা করতে হবে যাতে ভবিষ্যতে তারা সমগ্র বাংলাদেশে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে।

ধর্মমন্ত্রী বলেন, রমজান মাস রহমত ও বরকতের মাস। এ মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এ মাসে হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন জিয়াউর রহমান। সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস-এটিও তিনিই সংবিধানে সন্নিবেশ করেন। তিনিই ওআইসি ও মধ্যপ্রাচ্যের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া সেটার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক হাফেজ মাওলানা আহমদ বিন ইউসুফ আযহারী বক্তব্য রাখেন।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

চারটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অনুর্ধ্ব ২৫ বছর বয়সী কোরআনের হাফেজ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অনূর্ধ্ব ১৮ বছরের মাদরাসা শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, চতুর্থ হতে দশম স্থান অর্জনকারীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। বাসস