পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সাথে কাজ করবে ইউনিসেফ

বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরো বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরো কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউনিসেফ-এর চিফ অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউনিসেফ-এর চিফ অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন |সংগৃহীত

পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ইউনিসেফ। তারা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থেকে টেকসই ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

সোমবার (১৮ মে) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউনিসেফ-এর চিফ অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে এসব আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরো বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরো কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশের পানি, পয়ঃনিষ্কাশন ও পল্লী উন্নয়ন খাতে ইউনিসেফের অতীত ও চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সঙ্কট দিন দিন প্রকট আকার ধারণ করছে, বিশেষ করে রাজধানী ঢাকা শহরে। এ সময় বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস