তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহের নান্দাইলে নিজ গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।
সরকারি এক সফরসূচি থেকে জানা গেছে, সেখানে তিনি ঈদের নামাজ আদায় করবেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় নান্দাইলের ঐতিহাসিক মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন তিনি।
নামাজ শেষে নিজ গ্রামে স্থানীয় বাসিন্দাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তথ্য প্রতিমন্ত্রী। একই দিন বেলা ১১টা থেকে নান্দাইল উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়ার কথাও রয়েছে তার।
এর আগে, গত ২৬ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইয়াসের খান চৌধুরী। সেখানে তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন জনবান্ধব উদ্যোগ সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করেন এবং এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
সফরকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এছাড়া নান্দাইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে তার।
আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি।
আগামী ৩১ মে (রোববার) বিকেলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহ হয়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হবেন। সূত্র : বাসস



