২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ৩২৮ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ২৮৫ কোটি ৫৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৪২ কোটি ৬৯ লাখ টাকা।
গত অর্থবছরে এ খাতে বাজেটের পরিমাণ ছিল ৬০৮ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ছিল ৯১০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদে আজ বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট উপস্থাপন এবং দেশের ৫৪তম বাজেট।
এর আগে, আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসস



