টানা চতুর্থ দিনের মতো চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ

হাসপাতালটির সব সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে জুলাই গণঅভ্যুত্থানে আহত শতাধিক যোদ্ধা অবস্থান করছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল |ইন্টারনেট

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। এর ফলে আজ শনিবার সকাল থেকে হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ফিরে যাচ্ছেন।

অচলাবস্থা কাটাতে গতকাল শুক্রবার হাসপাতালের কয়েকজন সচিব, হাসপাতাল প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বৈঠক হলেও সিদ্ধান্তে আসতে পারেননি তারা।

জানা গেছে, হাসপাতালটির সব সেবা কার্যক্রম বন্ধ থাকলেও ভেতরে জুলাই গণঅভ্যুত্থানে আহত শতাধিক যোদ্ধা অবস্থান করছেন। শুধু তাদের রান্নার জন্য দুয়েকজন লোক আছে। এর বাইরে হাসপাতালের কোনো স্টাফ নেই।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: জানে আলম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করছি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসক ও কর্মীরা কাজে ফিরতে অনিচ্ছুক।’

উল্লেখ্য, গত বুধবার নিরাপত্তার দাবিতে হাসপাতালটির চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচিতে হামলা করে জুলাই গণআন্দোলনের আহত যোদ্ধারা। এতে চিকিৎসকসহ ১৫ জন স্টাফ আহত হন। আতঙ্কে হাসপাতাল ছাড়েন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।