দুর্নীতি মামলা চলমান থাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার টাকা লেনদেনের মাধ্যমে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করায় দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর শুরু থেকে হালনাগাদ আয়কর নথি ও তৎসংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।
সূত্র : বাসস



