রাত পোহালেই পুলিশ সপ্তাহ-২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ অনুষ্ঠানে সবচেয়ে বেশি আকর্ষণ প্রধানমন্ত্রীর কাছ থেকে পুলিশে বীরত্বপূর্ণ ও সাহসিকতার জন্য
পদক গ্রহণ। তবে পদক ঘিরে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় শনিবার (৯ মে) শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছে অনুষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের বর্ণাঢ্য আয়োজনে বড় ধাক্কা এখনো জারি হয়নি পদকের প্রজ্ঞাপন। পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহ শেষে কোনো একদিন পদক অনুষ্ঠান নতুন করে আয়োজন করা হবে।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যে চার দিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হচ্ছে এবারের রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন। তবে, এবার শেষ মুহূর্তে পুলিশ সপ্তাহের সিডিউল থেকে বাদ দেয়া হয়েছে পদক প্রদান অনুষ্ঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম।
তিনি বলেন, এবার পুলিশ সপ্তাহে থাকছে না অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান অনুষ্ঠান।
‘১০৯টা পদক দেয়ার প্রস্তাব ছিল। যেটি স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহের সুবিধাজনক সময়ে দেয়া হবে। আপাতত পুলিশ সপ্তাহে পদকের অনুষ্ঠানটি বাদ যাচ্ছে।’
পদক পাওয়া তালিকায় থাকা একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করায় শর্তে বলেন, ১০৯ জনের মধ্যে সবাই সম্প্রতি রাজারবাগ মাঠে পদক নেয়ার ট্রেনিং নিয়েছেন। হঠাৎ পদক অনুষ্ঠান স্থগিত করায় অনেকে আমার মতো কষ্ট পেয়েছেন। এ বছর অনেক গুরুত্বপূর্ণ অপরাধীকে গ্রেফতার করেছি জীবনের ঝুঁকি নিয়ে। অথচ এই পদক নিয়েও অনেকে রাজনীতি করেছেন। পদক স্থগিত হওয়ায় পুলিশের ভাবমূর্তি আরো ক্ষুণ্ন হবে বলে তিনি জানান।



