বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ে ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো: শরিফুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে ইসিতে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ২৯টি দল বৃহস্পতিবারের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১০টি দল পত্রের মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেছে এবং একটি দল (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি) গত ২ ফেব্রুয়ারি নিবন্ধন লাভ করায় ওই দলের ক্ষেত্রে অডিট রিপোর্ট প্রযোজ্য নয়। অবশিষ্ট ১০টি দল অডিট রিপোর্ট অথবা সময় বৃদ্ধি সংক্রান্ত কোনো পত্র দাখিল করেনি।
প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পঞ্জিকা বছরের দলের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। কোনো রাজনৈতিক দল টানা তিন বছর অডিট রিপোর্ট জমা না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।
যারা নির্ধারিত সময়ে অডিট রিপোর্ট জমা দেয়নি, তারা সময় বাড়ানোর আবেদন করলে বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। বাসস



