ঢাবিতে এক দিনে ছয় সাংবাদিক হেনস্তার নিন্দা ডাকসুর

‘সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নাগরিকের তথ্য জানার অধিকারে আঘাত’

সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন কর্তৃক অস্থিতিশীলতা তৈরির অপতৎপরতা পরিলক্ষিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দিনে ছয় সাংবাদিক হেনস্তার শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (২২ এপ্রিল) দু’টি পৃথক ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে এ সাংবাদিকরা হামলা ও হেনস্তার শিকার হোন।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসু বলেছে, সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন কর্তৃক অস্থিতিশীলতা তৈরির অপতৎপরতা পরিলক্ষিত হয়েছে। সরকারি দলের ছাত্রসংগঠনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি ঘোষিত হলে পেশাগত দায়িত্ব পালনকালে বিজয় একাত্তর হল এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে পৃথক দুটি ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে ছয়জন সাংবাদিক হেনস্তার শিকার হন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিজয় একাত্তর হলের সামনে প্রাইম বাংলাদেশের ঢাবি প্রতিনিধি ইফতেখার সোহান সিফাতকে ভিডিও ধারণে বাধা দেয়া হয় এবং হেনস্তা করা হয়। প্রতিবাদ জানালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আরো দুই সদস্য, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আসাদুজ্জামান খান ও নয়া দিগন্তের প্রতিনিধি হারুন ইসলাম হেনস্তার শিকার হন।

একইদিন মধ্যরাতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সংবাদ সংগ্রহকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মানজুর হোসাইন মাহি, অর্থ সম্পাদক ও ডেইলি অবজারভারের প্রতিনিধি নাইমুর রহমান ইমন এবং সদস্য সজীব আহমেদ হুমকি-ধমকি ও বাধার মুখে পড়েন।

এধরনের সাংবাদিক হেনস্তার ঘটনা এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদান গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারের ওপর সরাসরি আঘাত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ছাত্রলীগকে বিতাড়িত করার পর থেকে ক্যাম্পাসে যে শৃঙ্খলা ও সহাবস্থানমূলক পরিবেশ ছিল, এ ধরনের ঘটনা সেই পরিবেশ বিনষ্ট করে একক কর্তৃত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির আশঙ্কা তৈরি করছে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডাকসু এ ঘটনায় স্পষ্টভাবে প্রতিবাদ জানাচ্ছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সংশ্লিষ্টদেরকে জবাবদিহির আওতায় আনা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে।