অফিসার্স সম্মেলনে বিমানবাহিনী প্রধান

বিমানবাহিনী আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় নিয়োজিত

এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায়ও নিয়োজিত।

সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দফতরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এ সময় তিনি বিমান বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর প্রধান সম্মেলনে উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ।

এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান।

পরে সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি আলোকচিত্রে অংশগ্রহণ করেন।