আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ ফ্লাইট পরিচালনা, উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে কবে নাগাদ আবার ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো সময়সীমা জানানো হয়নি।
তবে ফ্লাইট স্থগিত থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট, ফ্লাইটের তারিখ পরিবর্তন কিংবা টিকিট রিফান্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে সংস্থাটির বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে এ রুটে একমাত্র বিমানই সরাসরি ফ্লাইট পরিচালনা করছিল। ফ্লাইট স্থগিতের সর্বশেষ সিদ্ধান্তে প্রবাসী যাত্রীদের যাতায়াতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



