অবৈধ মজুদকৃত ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

‘মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলমান এসব অভিযানে সর্বাধিক তিন লাখ ৬৬ হাজার এক লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।’

নয়া দিগন্ত অনলাইন
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও সরবরাহে অনিয়ম প্রতিরোধে সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। অভিযানে মোট পাঁচ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলমান এসব অভিযানে সর্বাধিক তিন লাখ ৬৬ হাজার এক লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

এদিকে, চট্টগ্রামে পৃথক অভিযানে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়েছে।

জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে নয় হাজার ১১৬টি অভিযান চালানো হয়। এসব অভিযানে তিন হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক কোটি ৫৬ লাখ নয় হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৪৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাসস