জ্বালানি খাতে ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির

কৌশলগত মজুদ ও নবায়নযোগ্য শক্তিতে গুরুত্ব

প্রতিবেদনে জ্বালানি খাতে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী ও টেকসই করতে হবে।

সংসদ প্রতিবেদক

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কমপক্ষে তিন মাসের কৌশলগত জ্বালানি তেল মজুদের সক্ষমতা গড়ে তোলা, আমদানির উৎস বহুমুখীকরণ, সরবরাহ ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত বিশেষ কমিটি।

রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিশেষ কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রতিবেদনে জ্বালানি খাতে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী ও টেকসই করতে হবে।

কমিটির সুপারিশগুলোর মধ্যে রয়েছে— জ্বালানি তেলের কৌশলগত মজুদ তিন মাসের সক্ষমতায় উন্নীত করা, আমদানির উৎস বহুমুখীকরণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল মনিটরিং চালু, অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন, এসপিএম ও ইআরএল-২ প্রকল্প দ্রুত বাস্তবায়ন।

এছাড়া রুফটপে সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা, সেগুলোর কার্যক্রম তদারকি জোরদার করা, সিস্টেম লস কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং তেল, গ্যাস, কয়লা, সৌর ও বায়ুশক্তির সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানির বহুমুখী উৎস নিশ্চিতকরণ এবং সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ জরুরি।

বিশেষ কমিটির মতে, সরকারের সময়োপযোগী পদক্ষেপ, সংসদীয় তদারকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।