মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল ও আলকাতরাসহ আটক ৭

অভিযানে সন্দেহজনক একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের এক হাজার ৬০০ লিটার ডিজেল, তিন হাজার ৩০০ কেজি আলকাতরা ও চারটি ডিজেল ইঞ্জিনসহ সাতজন পাচারকারীকে আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক
বিপুল পরিমাণ ডিজেল ও আলকাতরাসহ সাতজন আটক
বিপুল পরিমাণ ডিজেল ও আলকাতরাসহ সাতজন আটক |নয়া দিগন্ত

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নাম্বার ঘাট-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দেহজনক একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের এক হাজার ৬০০ লিটার ডিজেল, তিন হাজার ৩০০ কেজি আলকাতরা ও চারটি ডিজেল ইঞ্জিনসহ সাতজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।