দেশের পথে প্রধান উপদেষ্টা

অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর ছিল।

নয়া দিগন্ত অনলাইন
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস |ইন্টারনেট

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর ছিল।

আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন।

চার দিনের সফরে গত বুধবার (২৬ মার্চ) চীনে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) এশিয়ার ডেবোসখ্যাত বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তিনি। তৃতীয় দিন শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন। শি-এর সাথে বৈঠকের পর ড. ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।

ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

জলবিদ্যুৎ, বন্যা মোকাবিলা ও দুর্যোগ হ্রাস, নদী খনন এবং পানিসম্পদ উন্নয়নের মত বিষয়ে পারষ্পরিক সহযোগিতা জোরদারেও ‘একমত হয়েছে’ বাংলাদেশ ও চীন।