বাংলাদেশে হাওরে পর্যটনের বিষয়ে নতুন বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি আইন ২০১৩ এর আওতায় হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে শিগগিরই সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে।
রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে বক্তৃতায় তিনি বলেন, ইতোমধ্যে সুরক্ষা আদেশের খসড়াটা আমরা প্রস্তুত করেছি এবং এটি চূড়ান্ত করে দিয়ে যাবো। হাওরে পর্যটক গেলে কী করতে পারবেন আর কী করতে পারবেন না সেটি এখানে থাকবে।
উপদেষ্টা জানান, হাওরে হাউজবোটগুলো কোথায় যাবে আর কোথায় যেতে পারবে না, কী কী আদেশ মেনে হাউজবোট চালাতে হবে সেটা সুরক্ষা আদেশে পরিষ্কার বলা থাকবে।
তিনি বলেন, আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা হাওরের ট্যুরিজমকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে সক্ষম হবো। হাওর হচ্ছে মিঠা পানির সমুদ্র। এরকম অনন্য ইকো সিস্টেম আসলে পৃথিবীতে বিরল।
উপদেষ্টা আরো বলেন, হাওরগুলোর সীমানা চিহ্নিত করার একটা নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া কোন কোন হাওরে গাছ লাগানো উচিত তার একটা তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।



