কোরবানির পশুর চামড়ার অস্বাভাবিক মূল্যপতন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চামড়া সংগ্রহ কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে রাজধানীর প্রসিদ্ধ কওমি মাদরাসা জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর (সাইনবোর্ড মাদরাসা)।
বুধবার (১৩ মে) মাদরাসাটির উন্নয়ন বিভাগ ও দফতরে ইহতিমামের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অদ্য ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি, মোতাবেক ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বুধবার জামিয়ার মেহমানখানায় অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী ও দায়িত্বশীলবৃন্দ সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেন—
কোরবানির পশুর চামড়ার অস্বাভাবিক মূল্যপতন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদস্বরূপ, বাজারমূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত চামড়া সংগ্রহ কার্যক্রমে জামিয়ার শিক্ষক, ছাত্র ও দায়িতশীলগণ স্বেচ্ছাশ্রম দানে বিরত থাকবেন।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘উসূলে হাশতেগানার আদর্শকে ধারণ করে কওমি মাদরাসাগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাহসীলের (কালেকশন) শরীয়তসম্মত সকল পথকে জামিয়া সমর্থন করে এবং ধারণ করে।’
বিজ্ঞপ্তিতে উন্নয়ন বিভাগ ও দফতরে ইহতিমামের নাম উল্লেখ করা হয়েছে।



