জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠকে বসেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, দেশের ২৩-তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সাথে কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত চলছে।
এর আগে, সোমবার এ বিষয়ে ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ সচিবকে চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সাথে সানুগ্রহ আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে।
এ বিষয়ে মাননীয় স্পিকার মহোদয় কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিশেষ অনুরোধ করা হলো। সূত্র : বাসস



