বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো: জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার ভোর সাড়ে ৫টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে সকালে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য, মরহুমের সহকর্মী এবং আত্মীয়-স্বজন অংশ নেন।
জানাজা শেষে আইজিপি বাহারুল আলম বিপিএম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
মো: জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে ২০০১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি এআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া, ডিঅ্যান্ডপিএস ও ক্রাইম ইস্ট শাখায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি অ্যাডিশনাল ডিআইজি (ইন্সপেকশন-১) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক পরিসরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে দায়িত্ব পালন করেন।
মরহুমের জন্ম ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মনসুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। আজ বাদ এশা তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
অ্যাডিশনাল ডিআইজি মো: জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় আইজিপি বাহারুল আলম বিপিএম বলেন, ‘মরহুম মো: জালাল উদ্দিন আহমেদ চৌধুরী অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।’
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



