ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর ও টাই-ইন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আজ বুধবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহানপুর রেল ক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির সব গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সূত্র : ইউএনবি



